ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর পদত্যাগ করতে পারেন চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিলেও এখনই তাকে দায়িত্ব না ছাড়ার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।পদত্যাগপত্র গ্রহণ করেননি সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে, আজ দুপুরে আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র পাঠালে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি তা গ্রহণ করেননি। মন্ত্রণালয় থেকে তাকে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠান পর্যন্ত তাকে স্বপদে বহাল থাকতে হবে। মূলত নতুন সরকার গঠন ও গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিকতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মেয়াদ শেষ হওয়ার আগেই সরছেন আইজিপি
২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২১ নভেম্বর বাহারুল আলমকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিতে আইজিপি নিয়োগ দিয়েছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার। ২০২০ সালে নিয়মিত অবসর থেকে ফিরে আসা এই কর্মকর্তার চুক্তির মেয়াদ চলতি বছরের ২১ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার প্রাক্কালে তিনি ব্যক্তিগত ও নীতিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দায়িত্ব পালনের মধ্যেই গত জানুয়ারি মাসে আইজিপি বাহারুল আলম তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের (অর্ডিনারি পাসপোর্ট) জন্য আবেদন করেছেন। তার এই পদক্ষেপকে অনেক আগে থেকেই দায়িত্ব ছাড়ার পূর্বপ্রস্তুতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সার্বিক বিষয়ে জানতে আইজিপি বাহারুল আলমের সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার ব্যক্তিগত অবস্থান সম্পর্কে বিস্তারিত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
আগামী মঙ্গলবার সংসদ সদস্যদের শপথের পর নতুন সরকার গঠিত হলে পুলিশ বাহিনীর শীর্ষ পদে নতুন কাউকে নিয়োগ দেওয়া হবে নাকি বাহারুল আলমকেই চালিয়ে যেতে বলা হবে, সেদিকেই এখন নজর সবার।




















