ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় দলটির চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য, ভুটান ও নেপাল।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা বাংলাদেশের এই নতুন অভিযাত্রাকে স্বাগত জানান।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এক ‘এক্স’ (সাবেক টুইট) বার্তায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, “বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করায় দেশটির জনগণকে শুভেচ্ছা। আমরা বাংলাদেশের সাথে আমাদের অভিন্ন অগ্রাধিকারগুলো— বিশেষ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা ইস্যুতে নিবিড়ভাবে কাজ করার জন্য উন্মুখ।”
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তার অভিনন্দন বার্তায় তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “এই বিপুল বিজয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তারেক রহমান ও বিএনপিকে উষ্ণ অভিনন্দন। ভুটান ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।”
একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী শুশিলা কার্কি। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার এই সাফল্যকে সাধুবাদ জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পরপরই বিশ্বনেতাদের এই অভিনন্দন বার্তা আন্তর্জাতিক পরিমণ্ডলে তারেক রহমানের নেতৃত্বের গ্রহণযোগ্যতা এবং নতুন সরকারের জন্য একটি ইতিবাচক কূটনৈতিক সূচনার ইঙ্গিত দিচ্ছে।





















