ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সাধারণ মানুষের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। জনগণ কোনো প্রলোভন বা অর্থের বিনিময়ে তাদের পবিত্র ভোটাধিকারের আমানত খেয়ানত করবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৪০ মিনিটে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন অনিন্দ্য ইসলাম অমিত। ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি নির্বাচনী পরিবেশ ও প্রতিদ্বন্দ্বী পক্ষের কর্মকাণ্ড নিয়ে কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে একটি বিশেষ রাজনৈতিক দলের অর্থের প্রভাব বিস্তারের অভিযোগ প্রসঙ্গে অমিত বলেন:
> “সেই বিশেষ রাজনৈতিক দলটি যশোরেও টাকার বস্তা নিয়ে মাঠে নামার চেষ্টা করেছিল, কিন্তু সচেতন জনগণ তাদের রুখে দিয়েছে। যারা মুখে সৎ লোকের শাসনের কথা বলে, অথচ অসাধু উপায়ে বা অসৎ পথে নির্বাচিত হওয়ার চেষ্টা করে, তা কোনোভাবেই কাম্য হতে পারে না।”
>
ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি প্রকাশ করে ধানের শীষের এই প্রার্থী বলেন, এখন পর্যন্ত যশোর সদরের পরিবেশ অত্যন্ত চমৎকার। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বোমাবাজির খবর পাওয়া যায়নি। দীর্ঘ সময় পর জনগণ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য স্বস্তির বিষয়।
শীতের সকালের কারণে শুরুতে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে প্রতিটি কেন্দ্রে ভিড় বাড়বে বলে তিনি মনে করেন। সাংবাদিকরা জয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে তিনি সংক্ষিপ্ত ও দৃঢ় কণ্ঠে বলেন, “আল্লাহ ভরসা।”





















