আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটনের সমর্থনে বিশাল নির্বাচনী প্রচার মিছিল করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বন্দরের ৮৯১ ও ৯২৫ নম্বর শ্রমিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এই বর্ণাঢ্য মিছিলটি অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪টার সময় বেনাপোল স্থলবন্দর থেকে শুরু হওয়া এই মিছিলটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে হাজার হাজার শ্রমিক মিছিলে অংশ নেন। মিছিলটি বেনাপোল পৌরসভা ও আন্তর্জাতিক চেকপোস্ট এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলে হাজার হাজার সাধারণ শ্রমিকের পাশাপাশি নেতৃত্ব দেন শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, ৮৯১-এর সভাপতি মাকসুদুর রহমান রিন্টু, ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী এবং ৮৯১-এর সাধারণ সম্পাদক লিটন। এছাড়াও যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সবুর হোসেনসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রমিক নেতারা জানান, শার্শা ও বেনাপোল বন্দরের উন্নয়নে নুরুজ্জামান লিটনের কোনো বিকল্প নেই। তারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ৯২৫-এর সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ ও মো. জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. সবুজ হোসেন, দপ্তর সম্পাদক মো. আবুল কাশেম, লেবার সরদার মো. হাসেম আলীসহ কার্যনির্বাহী সদস্য ও সাধারণ শ্রমিকবৃন্দ।




















