যশোরের মণিরামপুরে মায়ের সঙ্গে এক ব্যক্তির সম্পর্ক ও বাড়িতে নিয়মিত যাতায়াত নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চার সদস্যকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গত ২১ অক্টোবর সকাল ৮টার দিকে উপজেলার ভোজগাতী ইউনিয়নের জামজামি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হাফিজুর রহমান লিটন (৪৫), তাঁর চাচা আব্দুল হক (৬৫), চাচাতো ভাই আলমগীর হোসেন (৩৭) ও স্বজন আশিকুর রহমান। তাঁদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত আব্দুল হক চারজনের নাম উল্লেখ করে মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৯ সালে হাফিজুর রহমান লিটনের বাবা সুলতান আহমেদ মারা যান। এরপর প্রায় দুই বছর ধরে যশোর শহরের নাজির শংকরপুর এলাকার জাকির হোসেন (৫০) তাঁদের বাড়িতে নিয়মিত যাতায়াত করছিলেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যদের আপত্তি ছিল এবং এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগে বলা হয়, গত ২১ অক্টোবর সকালে লিটন তাঁর মায়ের সঙ্গে জাকির হোসেনের সম্পর্ক ও বাড়িতে যাতায়াত নিয়ে আপত্তি জানান। এ সময় জাকির হোসেন, অলিয়ার রহমান (৩৫), হাসিবুর রহমান (৪০) ও মোছা. আছিরন নেছা (৬০) একত্র হয়ে তাঁর ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় লোহার রড দিয়ে আঘাত করা হলে লিটনের মাথা, কান ও চোখের ওপরের অংশে জখম হয়। তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর চাচা আব্দুল হক, চাচাতো ভাই আলমগীর হোসেন ও স্বজন আশিকুর রহমানও মারধরের শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহত আলমগীর হোসেনের কপালে তিনটি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছে তাঁর পরিবার। অন্য আহতদের শরীরের বিভিন্ন স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দা রিপন হোসেন ও মহিউদ্দিন জানান, তাঁরা মারামারির ঘটনা দেখে থামানোর চেষ্টা করেন। তাঁদের ভাষ্য, স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলায় জড়িত ব্যক্তিরা অস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। তাই তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন আহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা।




















