ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছোড়া রাবার বুলেটে উজ্জল মিয়া (৩২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার নেপা ইউনিয়নের খোশালপুর সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
আহত উজ্জল মিয়া মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া গ্রামের হারুন মিয়ার ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের আন্তর্জাতিক পিলার ৬০/১০১-আর থেকে প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে। এ সময় বিএসএফের ১৯৪ ব্যাটালিয়নের কুমারীপাড়া ক্যাম্পের সদস্যদের ছোড়া রাবার বুলেটে উজ্জল আহত হন।
ঘটনার পর উজ্জলের সঙ্গে থাকা একই উপজেলার মালবাড়ীয়া গ্রামের নওশেরের ছেলে ওয়াসিম (৩৪) তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনেন। পরে স্থানীয়দের সহযোগিতায় একটি মাইক্রোবাসে করে উন্নত চিকিৎসার জন্য তাঁকে যশোরে নেওয়া হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমানের পাঠানো একটি ইনসিডেন্ট রিপোর্টে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।




















