কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে যশোর শহরের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর জিয়াউল হাসান হ্যাপিকে প্রথমে জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। পরে তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক সূত্র তার আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড ও নাশকতার অভিযোগের প্রেক্ষিতে জিয়াউল হাসান হ্যাপিকে আটক করা হয়েছে।
আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তবে তার বিরুদ্ধে নির্দিষ্ট কোন মামলা বা অভিযোগে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও সংশ্লিষ্ট তথ্য যাচাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, জিয়াউল হাসান হ্যাপির পক্ষ থেকে তার আটকের বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















