নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় নিহতদের মধ্যে সাতজনের মরদেহ ভারতের নদীতে ভেসে এসেছে। ভারতের কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
প্রতিবেদন অনুযায়ী, নেপালের বন্যাকবলিত চিতওয়ান অঞ্চলের সীমান্তবর্তী ভারতের উত্তর প্রদেশের মহারাজগঞ্জ ও কুশীনগর জেলার বিভিন্ন নদী থেকে এসব মরদেহ উদ্ধার করা হয়েছে।
মহারাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট গৌরব সিং সোগরওয়াল জানান, বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেলার নদী থেকে চারটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেপালে আকস্মিক বন্যার প্রবল স্রোতে মরদেহগুলো ভেসে ভারতে চলে এসেছে।
অন্যদিকে, সীমান্ত এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার ভাটিতে কুশীনগর জেলা থেকে আরও তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে কাজ করছে ভারতীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এগুলো নেপালের বন্যায় নিখোঁজ বা নিহত ব্যক্তিদের মরদেহ কি না, তা নিশ্চিত করার প্রক্রিয়াও চলছে।
এদিকে নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ১ হাজার ৯২৪ জনে দাঁড়িয়েছে। দুর্গম এলাকায় যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় হতাহতের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত নেপালে ৫৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপালের বিভিন্ন দুর্গম এলাকায় এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত সড়ক ও যোগাযোগব্যবস্থার কারণে উদ্ধারকারী দলগুলোকে ব্যাপক প্রতিকূলতার মধ্য দিয়ে অভিযান চালাতে হচ্ছে।
বন্যার পানির স্রোতে মরদেহ সীমান্ত পেরিয়ে ভারতের নদীতে ভেসে আসার ঘটনায় নেপালের ভয়াবহ দুর্যোগের ব্যাপকতা আরও স্পষ্ট হয়ে উঠেছে।





















