শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি তাদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সূরা ফাতেহা পাঠ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা করেন।
নির্বাচনে জাতীয় সংসদের ২৫৫ ভোট পেয়ে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিজয়ী হন। এর মধ্য দিয়ে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।
নির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। শপথ অনুষ্ঠানে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।




















