শার্শা প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গোগা গ্রামের আবুল হোসেনের মেয়ে আসমা খাতুন (৩৭), ইসমাইল হোসেনের ছেলে ইকবাল কবির (৪৭), নুর আলী ওস্তাগরের ছেলে আনারুল ইসলাম (৪০) এবং শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৫)। তারা সবাই শার্শা উপজেলার বাসিন্দা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। মাদক পাচার ও অন্যান্য চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আটক চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।




















