দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে ভূমি উন্নয়ন কর আদায়ের নামে ঘুষ নেওয়ার অভিযোগে তহশিলদার, অফিস সহকারী ও এক দালালকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
সোমবার (১৮ আগস্ট) দুপুরে শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মাহমুদ হাসান (৪৬), অফিস সহকারী শাহজাহান আলী (৫০) ও দালাল আব্দুর রহিম (৪৮)।
স্থানীয়দের অভিযোগ, দিনাজপুর সদর উপজেলার পাঁচকড় গ্রামের শরিফ উদ্দিনের ৮০ শতক জমির ভূমি উন্নয়ন কর বাবদ ১৯ হাজার ৭২০ টাকা পরিশোধের জন্য তহশিলদার মাহমুদ হাসানের স্বাক্ষর করা একটি নোটিশ দেওয়া হয়। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে আইন অনুযায়ী সম্পত্তি নিলামের মাধ্যমে সরকারি খাস দখলে নেওয়ার কথা উল্লেখ ছিল।
নোটিশ পাওয়ার পর শরিফ উদ্দিনের মেয়ে সুরাইয়া আক্তার সোমবার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে শংকরপুর ইউনিয়ন ভূমি অফিসে যান। অভিযোগ রয়েছে, এ সময় তহশিলদার তার কাছ থেকে ৭ হাজার টাকা নেন এবং আরও ১২ হাজার টাকা দেওয়ার জন্য চাপ দেন।
তবে সুরাইয়াকে দেওয়া রশিদে ভূমি উন্নয়ন কর হিসেবে মাত্র ৭৩৮ টাকা উল্লেখ থাকায় তার সন্দেহ হয়। এ নিয়ে তিনি চিৎকার শুরু করলে ভূমি অফিসে থাকা অন্যান্য সেবাগ্রহীতা ও স্থানীয়রা সেখানে জড়ো হন। বিষয়টি জানাজানি হলে অফিস এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
একপর্যায়ে স্থানীয়রা তহশিলদার মাহমুদ হাসান, অফিস সহকারী শাহজাহান আলী ও দালাল আব্দুর রহিমকে আটক করেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হেফাজতে নেয়।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে আটক তিনজনকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়েছে।
তিনি জানান, ঘুষ গ্রহণের অভিযোগের বিষয়টি তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

















