শার্শা প্রতিনিধি | মোহাম্মদ আলমগীর হোসেন
যশোরের শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সোনামুখী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ উন্নত করতে নিজস্ব অর্থায়নে তিনটি সিসি ক্যামেরা ও একটি ডিভিডি বক্স স্থাপন করেছেন বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি।
রোববার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রবিউল ইসলাম রবির পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতির কাছে সিসি ক্যামেরা ও ডিভিডি বক্স হস্তান্তর করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, শুধু সরঞ্জাম সরবরাহ নয়, নিজস্ব অর্থায়নে যশোর থেকে দক্ষ কারিগর এনে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শ্রেণিকক্ষ, অফিস এলাকা ও প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো নজরদারির আওতায় থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। সিসি ক্যামেরা স্থাপনের ফলে শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে সহায়তা হবে বলে তারা আশা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম রবির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এটি সময়োপযোগী পদক্ষেপ। ক্যামেরাগুলো শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নিরাপদ পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ম্যানেজিং কমিটির সভাপতিও উদ্যোগটির প্রশংসা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ভবিষ্যতেও পাশে থাকার আহ্বান জানান।
রবিউল ইসলাম রবি বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ না হলে সুশিক্ষা নিশ্চিত করা কঠিন। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিরাপত্তার কথা বিবেচনা করেই নিজস্ব অর্থায়নে সিসি ক্যামেরাগুলো স্থাপন করেছি। ভবিষ্যতেও এলাকার শিক্ষা ও উন্নয়নমূলক কাজে পাশে থাকব ইনশাআল্লাহ।”
স্থানীয়রা জানান, রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তায় ব্যক্তিগত উদ্যোগ নেওয়া ইতিবাচক দৃষ্টান্ত। এ উদ্যোগে বিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা আরও বাড়বে বলে তারা আশা করছেন।




















