নড়াইলের কালিয়ায় অভিনব কৌশলে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের কথিত সর্দার আরোজ আলী শেখকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় পুলিশের সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশ ধারণ করে সারাদিন এলাকায় অবস্থান করেন।
বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরোজ আলী শেখ জোকারচর গ্রামের হেমায়েত শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আরোজ আলীর অবস্থান নিশ্চিত করতে কালিয়া থানা পুলিশের একটি বিশেষ দল সারাদিন বিভিন্ন ছদ্মবেশে এলাকায় নজরদারি চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
পুলিশের দাবি, আরোজ আলীর বিরুদ্ধে নড়াইলের কালিয়া ও সদর থানা, খুলনার দিঘলিয়া এবং গোপালগঞ্জ সদর থানায় ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরিসহ বিভিন্ন অভিযোগে অন্তত নয়টি মামলা রয়েছে।
কালিয়া থানার ওসি মো. ইদ্রিস আলী জানান, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তবে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।




















