যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোদাচ্ছের রহমানের ওপর হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) মাগরিবের নামাজের আগে রূপদিয়া বাজারের পূর্ব মাথার মুনসেফপুর মোড়ে এ ঘটনা ঘটে।
হামলার শিকার মোদাচ্ছের রহমান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে না গিয়ে একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মোদাচ্ছের রহমান জানান, রূপদিয়া বাজারে হারুনের চায়ের দোকানের সামনে অবস্থানকালে রনি নামে এক যুবক হঠাৎ লোহার পাইপ দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি আহত হন। হামলার পর অভিযুক্ত রনি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মোদাচ্ছের রহমানের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই তার ওপর এ হামলা চালানো হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে থানায় মামলা বা লিখিত অভিযোগ দায়েরের তথ্য পাওয়া যায়নি।




















