নিয়তির নির্মম পরিহাসে স্বামীর মরদেহ নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক স্ত্রী। হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে নড়াইলের লোহাগড়া উপজেলার নড়াইল-ঢাকা মহাসড়কের বাদশার গ্যারেজ এলাকায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঢাকা থেকে এক ব্যক্তির মরদেহ বহন করে একটি অ্যাম্বুলেন্স নড়াইলের উদ্দেশ্যে রওনা দেয়। অ্যাম্বুলেন্সে মৃত ব্যক্তির স্ত্রীসহ পরিবারের কয়েকজন সদস্য ছিলেন। পথে লোহাগড়ার বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরা স্ত্রী নিহত হন। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, দুর্ঘটনায় জড়িত অ্যাম্বুলেন্স ও বাস জব্দ করা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



















