শহীদ রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা উপজেলা বিএনপি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে।
শনিবার সকালে শার্শা উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু এবং বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুনসহ উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে এক অনন্য নেতৃত্বের প্রতীক। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা, দেশপ্রেম এবং উন্নয়নমুখী চিন্তাধারা আজও মানুষের কাছে প্রেরণার উৎস হয়ে আছে।
বক্তারা আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাঁর শাহাদাত জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে দেশ, জাতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।




















