নড়াইলের লোহাগড়া উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের আড়িয়ারা এলাকার রেজাউল শেখের ছেলে হৃদয় শেখ (২৫) এবং আমডাঙ্গা গ্রামের আলতাব মোল্লার ছেলে মোনায়েম মোল্যা (৪৭)।
ভুক্তভোগী কিশোরীর মা সোনিয়া বেগম জানান, গত ১২ মে সকাল ৭টার দিকে তার মেয়ে মরিয়ম তাসনিম প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ১৩ মে লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পরিবারের অনুসন্ধান ও পরবর্তী তদন্তে জানা যায়, বাড়ির পূর্ব পাশের পাকা সড়কে পৌঁছানোর পর আগে থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক কিশোরীকে একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় সোনিয়া বেগম বাদী হয়ে লোহাগড়া থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় হৃদয় শেখ, রেজাউল শেখ, চায়না বেগম, রহিম মোল্যাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, অপহরণের পর ওই নাবালিকাকে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করা হয় এবং তাকে পাচারের চেষ্টাও করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে কিশোরীকে উদ্ধার করে এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার জানান, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। একই সঙ্গে ঘটনার পেছনে আর কেউ জড়িত আছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।




















