যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার-এর বিরুদ্ধে অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
সোমবার মামলার চার্জশিটের ওপর শুনানি শেষে যশোর জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মাহমুদা খাতুন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি নূর আলম পান্নু।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক-৪ শাখা সব অস্ত্রের লাইসেন্স স্থগিত করে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে লাইসেন্সধারীদের ৩ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কিন্তু শাহীন চাকলাদার তার লাইসেন্সকৃত পিস্তল (নং-৬৯৪৪৬) থানায় জমা দেননি বলে অভিযোগ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা তারেক মোহাম্মদ আল নাহিয়ান তদন্ত করে জানতে পারেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের দিন শাহীন চাকলাদার অস্ত্রসহ আত্মগোপনে চলে যান। বর্তমানে তিনি পলাতক রয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলায় আরও বলা হয়, সরকারি নির্দেশ অমান্য করে অস্ত্রসহ পালিয়ে যাওয়ায় তিনি সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের সঙ্গে যুক্ত হয়ে অবৈধ কর্মকাণ্ডে অস্ত্রটি ব্যবহার করতে পারেন—এমন আশঙ্কা রয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি থানা-এর এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০২৫ সালের ২৮ মে অস্ত্র আইনে মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে শাহীন চাকলাদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে বদলি করা হয়।
সোমবার চার্জশিট গ্রহণের পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন।




















