যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের ভবনে রংয়ের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মো. হাবিব (২৫) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তিনি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ঝুমঝুমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।
রোববার (১০ মে) দুপুর আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, যশোর আঞ্চলিক পাসপোর্ট অফিসের চারতলা ভবনের সিঁড়িঘরের অংশে রংয়ের কাজ করছিলেন হাবিব। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। এতে তিনি চারতলার ছাদের ওপর সজোরে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর সেখানে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয় তাকে।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, আহত হাবিবের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।
ঘটনার পর পাসপোর্ট অফিস এলাকায় কর্মরত অন্যান্য শ্রমিক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।




















