হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় সেলিনা হায়াৎ আইভী-এর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে এ আদেশ দেন।
আদালতে আইভীর পক্ষে শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন।
এর ফলে সাবেক এই মেয়রের মুক্তিতে আর কোনো আইনি জটিলতা নেই বলে জানান তার আইনজীবীরা।
গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরে অভিযান চালিয়ে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এরপর হাইকোর্ট তাকে পাঁচটি মামলায় জামিন দিলেও সেই জামিন স্থগিত করা হয় আপিল বিভাগে।
এরই মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন প্রদান করেন।
সর্বশেষ আপিল বিভাগের আদেশের মাধ্যমে সেই জামিন বহাল থাকল।
দীর্ঘদিন ধরে আলোচিত এসব মামলায় আইভীর জামিন বহাল রাখার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনেও আলোচনার জন্ম দিয়েছে। নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী এই নেত্রীর মুক্তি ঘিরে তার সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।




















