মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে যশোরে বিভিন্ন উন্নয়নমূলক দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সংগঠন ও সচেতন নাগরিকরা। শনিবার (২৪ এপ্রিল) শহরের প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।মানববন্ধনে বক্তারা যশোরের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ১২ দফা দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, বেনাপোল-যশোর মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা, আধুনিক রেল যোগাযোগ ব্যবস্থা সম্প্রসারণ, শিল্প ও পর্যটন খাতের উন্নয়ন, যশোরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ এবং আধুনিক বাস টার্মিনাল স্থাপন।
এছাড়া শহরে নারীদের জন্য নিরাপদ আবাসন, শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষা ও বিনোদন সুবিধা নিশ্চিত করা এবং বিরল প্রজাতির পশুপাখি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট আবু মুরাদ, মো. নুরুজ্জামান, মতিউর রহমান চাকলাদার, কর আইনজীবী নাহিদ সালমা আক্তারসহ আরও অনেকে। বক্তারা বলেন, যশোর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও এখনো অনেক ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এসব দাবি বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে বলে তারা মত প্রকাশ করেন।
তারা আরও বলেন, উন্নয়নমূলক এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে যশোরের যোগাযোগ ব্যবস্থা, অর্থনীতি এবং জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। একইসঙ্গে যশোর একটি আধুনিক ও উন্নত জেলায় রূপান্তরিত হবে।
আয়োজকরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যশোরে ১২ দফা দাবিতে মানববন্ধন
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৩৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
- ৫১৪
সর্বাধিক পঠিত




















