যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌর এলাকায় জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল থেকেই বেনাপোল ফিলিং স্টেশনে তেল সংগ্রহ করতে আসা মোটরসাইকেল আরোহীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী চালকরা।
সরেজমিনে চিত্র
বুধবার সকাল ৯টার দিকে বেনাপোল ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, শতাধিক মোটরসাইকেল চালক তেলের আশায় প্রখর রোদে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। লাইনের শেষ প্রান্ত গিয়ে ঠেকেছে অনেক দূরে। স্থানীয় সূত্র জানায়, ভোর থেকেই চালকরা পাম্পের সামনে অবস্থান নিতে শুরু করেন। কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও চাহিদামতো তেল না পেয়ে সাধারণ মানুষের মাঝে চরম অস্বস্তি ও ভোগান্তি ছড়িয়ে পড়েছে।
লাইলে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী ও স্থানীয়রা জানান, নিয়মিত যাতায়াত ও দৈনন্দিন জরুরি কাজের জন্য মোটরসাইকেলই তাদের প্রধান ভরসা। কিন্তু হুট করে তেলের সরবরাহ কমে যাওয়ায় তারা বিপাকে পড়েছেন। এক ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছি না। তেলের অভাবে আমাদের স্বাভাবিক কাজকর্ম স্থবির হয়ে পড়েছে।”
জ্বালানি সংকটের বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, তেলের সরবরাহ স্বাভাবিকের তুলনায় কম থাকায় সাময়িকভাবে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সরবরাহ বৃদ্ধি পেলে দ্রুতই লাইন কমে আসবে বলে তারা আশা প্রকাশ করেন। তবে ঠিক কবে নাগাদ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বেনাপোলের সীমান্তবর্তী এলাকায় ব্যবসা-বাণিজ্য ও যাতায়াতের জন্য জ্বালানি তেল অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী চালকরা এই সংকট নিরসনে দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, দ্রুত তেলের সরবরাহ স্বাভাবিক না হলে জনদুর্ভোগ আরও প্রকট আকার ধারণ করতে পারে।




















