যশোর শহরের একটি ভাড়া বাড়িতে আস্তানা গেড়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে একটি চক্রের ৬ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ‘পপি কটেজ’ নামের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়
:
১. মেহেদী হাসান ও ২. হাসিব (দুই ভাই, পিরোজপুর সদরের মরিচা গ্রামের মনির শেখের ছেলে)।
৩. হাফিজ শিকদার (পিরোজপুর সদরের বানেশ্বরপুর গ্রামের ফারুক শিকদারের ছেলে)।
৪. ফায়াদ আল সুমন (যশোরের অভয়নগর উপজেলার মাগুরা গ্রামের খলিলুর রহমানের ছেলে)।
৫. তামিম (বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পাতাবাড়িয়া গ্রামের সরোয়ারের ছেলে)।
৬. হাফিজ শেখ (পিরোজপুর সদরের আলামকাটি গ্রামের গোলাম রসুল শেখের ছেলে)।
ডিবির এসআই বাবলা দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঘোপ এলাকার একটি ফ্ল্যাটে বসে একদল যুবক অনলাইনে অবৈধ জুয়ার সাইট পরিচালনা করছে। ওই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পপি কটেজে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ওই ৬ জনকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত ১০টি স্মার্টফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আটককৃতদের মোবাইল ফোন পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়েছে যে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনলাইন বেটিং বা জুয়ার সাইট পরিচালনা করে আসছিল। জব্দকৃত ফোনে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের প্রমাণও পাওয়া গেছে।
ডিবি পুলিশ আরও জানায়, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদক ও সংশ্লিষ্ট আইনে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়।





















