গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া এবং দল থেকে সাময়িক অব্যাহতির একটি খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেটিকে সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব। গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নুরুল হক নুরের বিরুদ্ধে শোকজ বা সাময়িক অব্যাহতির বিষয়ে দলের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে যে নোটিশটি ছড়ানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা ভুয়া কাগজ।
এদিকে, একইদিন প্রকাশিত এক অডিও বার্তায় গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান আল মামুন অভিযোগ করেন, তার স্বাক্ষর জাল করে একটি মিথ্যা প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়েছে। তিনি বলেন, ভাইরাল হওয়া প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বানানো এবং অন্য একটি নথি থেকে তার স্বাক্ষরের কপি নিয়ে দলের প্যাডে বসানো হয়েছে।
হাসান আল মামুন আরও বলেন, গণঅধিকার পরিষদের পক্ষ থেকে নুরুল হক নুরকে শোকজ দেওয়া বা তাকে কোনো ধরনের সাংগঠনিক শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি সবাইকে পরিকল্পিত এই গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
দলীয় সূত্র জানায়, রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তৃতীয় একটি পক্ষ এই অপপ্রচারের সঙ্গে জড়িত। সম্প্রতি বিএনপির সঙ্গে আসন সমঝোতা ইস্যুকে কেন্দ্র করে গণঅধিকার পরিষদের ভেতরে কিছুটা অসন্তোষ ও উত্তেজনা দেখা দিলেও, সেই পরিস্থিতিকে কাজে লাগিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছেন দলটির নীতিনির্ধারকেরা।
এর আগে, সভাপতির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন সমঝোতার অভিযোগ এবং দপ্তর সম্পাদককে সাময়িক অব্যাহতির ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি করছেন নেতারা।
গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, এই গুজবের পেছনে নির্বাচনী রাজনীতির সংশ্লিষ্টতা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের ‘ট্রাক’ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমর্থন তৈরি হয়েছে। এতে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ভুয়া নোটিশ ও তথ্য ছড়াচ্ছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
























