বিদেশ যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পেরে ৫০০ টাকায় মাইক ভাড়া করে এলাকার লোকজনকে গালাগালি করে ক্ষোভ ঝেড়েছিলেন কিশোরগঞ্জের সারোয়ার হোসেন রাব্বি। সেই ঘটনার ভিডিও তিনি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করলে বিষয়টি গণমাধ্যম ও সকলের নজরে আসে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশেষে প্রবাসী কল্যাণ ব্যাংক রাব্বিকে আর্থিক সহায়তা দিয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংক কিশোরগঞ্জ শাখার জেনারেল ম্যানেজার মোজাম্মেল হক জানান, “সংবাদটি প্রকাশের পর বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের নজরে আসে। এরপর স্থানীয়দের সহায়তায় সারোয়ার হোসেন রাব্বির সঙ্গে যোগাযোগ করে দ্রুত তার কাগজপত্র প্রস্তুত করা হয়।”
ব্যাংকের যাবতীয় কার্যক্রম শেষে রাব্বিকে বিদেশ গমনের জন্য দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে। এই ঋণ তিনি প্রথম দুই মাস পর থেকে কিস্তির মাধ্যমে পরিশোধ করা শুরু করবেন। জেনারেল ম্যানেজার আরও জানান, বিদেশ গমনেচ্ছু কেউ আর্থিক সমস্যায় পড়লে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে সহায়তা নিতে পারেন।
ঋণের চেক হাতে পাওয়ার পর রাব্বি তার ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “আলহামদুলিল্লাহ, অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ প্রবাসী কল্যাণ, আপনারা যদি সাপোর্ট না করতেন তাহলে আমি মনে হয় টাকাটা পাইতাম না— ধন্যবাদ সবাইকে।”
প্রথমে এই ঘটনাটি হাসি-ঠাট্টার বিষয় হলেও পরে অনেকেই বিষয়টিকে গুরুত্ব দেন। চায়ের দোকান থেকে শুরু করে আড্ডায় রাব্বির এই ঘটনা আলোচনার কেন্দ্রে ছিল। অনেকে মন্তব্য করেন, মানুষ চরম কষ্টের মুহূর্তে কী করতে পারে, রাব্বি সেটাই প্রকাশ করেছেন।
রাব্বি জানান, গত ২৩ অক্টোবর তাকে দুই লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে তার হাতে সৌদি আরবের টিকিট এসে পৌঁছেছে। আগামী ৩০ অক্টোবর তার সৌদি আরবের উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে। একইসঙ্গে গালাগালি করার ঘটনার জন্য তিনি সবার কাছে দুঃখপ্রকাশ করেছেন। রাব্বি বলেন, “কেউ আমাকে ভুল বুঝবেন না, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যে উদ্দেশে যাচ্ছি, সেটা যেন সফল হয়।”
০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
মাইক ভাড়া করে গালাগালি করা সেই রাব্বিকে ঋণ দিল প্রবাসী কল্যাণ ব্যাংক,
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৪৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- ৫৫৬
সর্বাধিক পঠিত























