বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখা আয়োজিত মহাসমাবেশে বিএনপি’র ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের আপামর জনতা আগামী দিনে জাতীয়তাবাদী শক্তিকে রাষ্ট্রের চালকের আসনে দেখতে চায়। তিনি জোর দিয়ে বলেন, “জাতি নির্বাচনী ট্রেনে উঠে গেছে। এই নির্বাচনে তারা জাতীয়তাবাদী শক্তির বিজয় দেখতে চায়।” তিনি দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, “সকলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করে জনগণের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করতে হবে।”
সোমবার (২৭ অক্টোবর ২০২৫) টাউন হল ময়দানে যুবদলের র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নার্গিস বেগম এ কথা বলেন।
‘নৈতিক শক্তির বলে আমরা জয়ী হয়েছি’:
অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, “হাসিনা বিরোধী আন্দোলনে আমরা নৈতিক শক্তির বলেই জয়ী হয়েছি। মানুষের ঘৃণা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়, এমন রাজনীতি আমরা কখনোই করি না। আমরা জানি গণতান্ত্রিক প্রক্রিয়ায় শাসন ক্ষমতার পালাবদল হয়।” তিনি বলেন, “আমরা বিরোধী দলে থেকেও প্রমাণ করেছি, আমাদের কোনো নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়ে যায়নি। শত নির্যাতনেও দল পরিত্যাগ করেনি। এটিই হচ্ছে বিএনপির অন্তর্নিহিত শক্তি। এই শক্তি নিয়ে আগামী দিনে গণতন্ত্রকে স্থায়ী করব ইনশা আল্লাহ।”
সংগ্রামে যুবদলের ভূমিকা:
বিএনপির এই নেত্রী বলেন, বারবার দেশে গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হয়েছে, কিন্তু পরাশক্তি এবং আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের মধ্যেও জাতীয়তাবাদী শক্তি মাথা তুলে দাঁড়িয়েছে। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের তরুণ সমাজের মধ্যে জাতীয়তাবাদী শক্তির বীজ বপন করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী রূপ দিতে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বলেন, “দলটি প্রতিষ্ঠার পর থেকে দেশের প্রতিটি সংকটে ও সংগ্রামে দায়িত্ব পালন করেছে। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে দেশ ও জাতির প্রয়োজনে যুবদলের নেতাকর্মীরা অকাতরে রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে।” তিনি আরও বলেন, “দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দেশের যুবশক্তিকে ঐক্যবদ্ধ করতে যুবদল দায়িত্বশীল ভূমিকা পালন করেছিল। শত নির্যাতন-নিপীড়ন সহ্য করেও যুবদলের একজন নেতাকর্মী লড়াই-সংগ্রাম থেকে পিছু হটেননি।”
সমাবেশ ও র্যালি:
জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনসারুল হক রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবলু, আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র্যালি টাউন হল ময়দান থেকে বের হয়। র্যালিটি দড়াটানা মোড়, চিত্রা, চৌরাস্তা মোড়, আর এন রোড হয়ে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।
০৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬
শিরোনাম:
জাতি নির্বাচনী ট্রেনে উঠে গেছে, জাতীয়তাবাদী শক্তির বিজয় দেখতে চায়
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৩৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- ৫৬২
সর্বাধিক পঠিত























