যশোরে তেল পাম্প দখলের অভিযোগে সংবাদ সম্মেলনের একদিন পরই পাল্টা সংবাদ সম্মেলন করেছেন অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন। সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দাবি করেন, যারা অতীতে আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ছিলেন, তারাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তিনি আরও বলেন, মিথ্যা অভিযোগের মাধ্যমে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে।
আনোয়ারের লিখিত বক্তব্য
লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন জানান, ১৯৯৯ সালে তিনি রেজিস্ট্রি করা কবলা দলিলের মাধ্যমে গোলাম কিবরিয়ার কাছ থেকে ১৭ শতক জমি কিনে নেন এবং মেসার্স কিবরিয়া ফিলিং স্টেশন-এর ব্যবসায় যুক্ত হন। ২০১২-১৩ সালে কিবরিয়া আর্থিক সংকটে পড়লে তিনি তার ভাই জামালের কাছ থেকে ১ কোটি ২০ লাখ টাকা নিয়ে কিবরিয়াকে দেন এবং এর স্বপক্ষে অঙ্গীকারনামাও প্রদর্শন করেন।
তিনি অভিযোগ করেন, ২০২২ সালের জুনে গোলাম কিবরিয়ার মৃত্যুর পর তার ওয়ারিশরা এবং স্থানীয় আওয়ামী লীগ-সমর্থিত একটি পক্ষ ২০২৪ সালে পাম্পে হামলা চালায় এবং খুলনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দেয়। এরপর তাকে মিথ্যা মামলায় আটক করা হয় এবং কিবরিয়ার মেয়ে তনিমা তাসনুমাসহ আওয়ামী লীগ-সমর্থিতরা তার পাম্প দখল করে নেয়।
‘আনোয়ার ফিলিং স্টেশন’ লাইসেন্স বাতিল এবং দখল
আনোয়ার আরও বলেন, ২০১৭ সালে ঋণের চাপে গোলাম কিবরিয়ার বিভিন্ন সম্পদ নিলামে ওঠে। এ সময় কিবরিয়ার ছোট ভাই বেনাপোলের কাগজপুকুরের ‘তনিমা ফিলিং স্টেশন’ ১১৫ শতক জমিসহ আনোয়ারের ভাই জামাল হোসেনের কাছে ৬ কোটি ৭ লাখ টাকায় বিক্রি করেন। বর্তমানে এর মালিক জামাল হোসেন। এরপর ২০২৩ সালের জুলাই মাসে বিস্ফোরক পরিদপ্তর খুলনা তনিমা ফিলিং স্টেশন-এর লাইসেন্স বাতিল করে এবং ‘মেসার্স আনোয়ার ফিলিং স্টেশন’ নামে নতুন লাইসেন্স দেয়, যা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ। কিন্তু সেই পাম্পটিও এখন তনিমারা অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনা করছেন বলে অভিযোগ করেন আনোয়ার।
সাংবাদিকদের প্রশ্ন ও আনোয়ারের উত্তর
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা আনোয়ার ফিলিং স্টেশন পরিচালনার সময় তেল সরবরাহের কাগজপত্র দেখতে চাইলে আনোয়ার তা দেখাতে পারেননি। এছাড়াও, আনোয়ার এবং তার ভাই জামালের টাকার উৎস নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর কোনো সদুত্তর দেননি। তার বিরুদ্ধে থাকা একাধিক মামলা এবং বিচারকের স্বাক্ষর জাল করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ-সমর্থিত গোলাম মোর্শেদ সেলিম ও কামরুলসহ একটি প্রভাবশালী মহল এর নেপথ্যে থেকে ষড়যন্ত্র করছে। তিনি আরও দাবি করেন, তনিমার বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। সবশেষে তিনি এসব বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান। সংবাদ সম্মেলনে আনোয়ারের ভাই জামাল হোসেনও উপস্থিত ছিলেন।
০৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
যশোরে তেল পাম্প দখল: বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন
যশোরে তেল পাম্প দখল: বিএনপি নেতার পাল্টা সংবাদ সম্মেলন
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:২২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- ৫৭০
সর্বাধিক পঠিত



























