বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে পৃথক অভিযান চালিয়ে আওয়ামী লীগের দুই কর্মী-সমর্থকসহ চারজনকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ পাহারায় তাঁদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের খোকন সরদারের ছেলে আল শরিফ সরদার (৩৬), শাখারীপোতা গ্রামের আনছার আলীর ছেলে আলী আহমেদ (৩৮), কেলেরকান্দা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে সম্রাট হোসেন রনি (৩১) এবং কাগমারী গ্রামের সাজু মোড়লের ছেলে রফিকুল ইসলাম (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। অন্য দুজনের মধ্যে একজনকে জনসাধারণের চলাচলে বিরক্তি সৃষ্টির অভিযোগে এবং অপরজনকে গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) এস এম আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বেনাপোল পর্যটন মোটেলের সামনে অভিযান চালিয়ে আল শরিফ সরদারকে গ্রেপ্তার করে। তিনি ২০২৫ সালের ১৬ আগস্ট বেনাপোল পোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। পুলিশের নথিতে তাঁকে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।
অপরদিকে, শুক্রবার রাত ১২টা ৫ মিনিটের দিকে এসআই মোহাম্মদ মামুন শেখের নেতৃত্বে পুলিশের আরেকটি দল শাখারীপোতা বাজার থেকে আলী আহমেদকে গ্রেপ্তার করে। তিনি গত ৬ অক্টোবর দায়ের করা একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি। পুলিশের নথিতে তাঁকে আওয়ামী লীগের সমর্থক হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে সহকারী উপপরিদর্শক (এএসআই) তরিকুল ইসলাম বেনাপোল কলেজের সামনের সড়ক থেকে সম্রাট হোসেন রনিকে গ্রেপ্তার করেন। জনসাধারণের চলাচলে বিরক্তি সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে পুলিশ আইন, ১৮৬১-এর ৩৪ ধারায় নন-এফআইআর প্রসিকিউশন মামলা করা হয়েছে।
এর আগে শুক্রবার রাত আড়াইটার দিকে এএসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কাগমারী গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন জানান, গ্রেপ্তার চারজনকে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে যথাযথ পুলিশ পাহারায় যশোর আদালতে পাঠানো হয়েছে।



















