বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন উপজেলা কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক জাকির হোসেন (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে শার্শা থানা পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার শ্যামলাগাছী গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ১টার দিকে পুলিশ এ তথ্য জানিয়েছে।
আটক জাকির হোসেন শ্যামলাগাছী গ্রামের রবিউল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে জাকির হোসেনকে আটক করা হয়েছে। মামলার নম্বর ২৩ ও জিআর নম্বর ৩০২।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক জাকির হোসেনকে শনিবার যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।




















