“ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই স্লোগানকে সামনে রেখে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যশোরের বেনাপোল পৌরসভার দুটি পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ও বেনাপোল পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) বেনাপোল পৌরসভার অন্তর্গত কাগজপুকুর পূজামণ্ডপ ও পাটবাড়ী আশ্রম পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় দুর্গাপূজার উৎসব উদযাপনে সহযোগিতার অংশ হিসেবে পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ অনুদান তুলে দেন।
অনুদান প্রদানকালে ইমদাদুল হক ইমদাদ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় তিনি শারদীয় দুর্গাপূজার আনন্দঘন মুহূর্তে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসব উদযাপনের আহ্বান জানান।





















