যশোরে মারমুখী আচরণ ও স্থানীয়দের ভয়ভীতি দেখানোর অভিযোগে মনিরুল ইসলাম সাগর নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার সন্ধ্যায় শহরের মুজিব সড়ক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক মনিরুল ইসলাম সাগর যশোর শহরের ষষ্ঠীতলা বুনোপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
পুলিশ জানায়, সাগরের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। তিনি এলাকায় চুরির সঙ্গে জড়িত বলে পরিচিত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় মুজিব সড়ক এলাকায় সাগরের বিরুদ্ধে স্থানীয়দের ভয়ভীতি দেখানো ও মারমুখী আচরণের অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।
পরে সোমবার তাঁকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়।




















