সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীর কথিত ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদে যশোরের কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বাদ আসর কেশবপুর বাজারে যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সৌদি আরবে হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়ে তা বন্ধের দাবি করেন। তারা বলেন, সৌদি আরবের বিভিন্ন স্থাপনা ও জনবসতি লক্ষ্য করে হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। একই সঙ্গে এসব ঘটনা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে বলে তারা মন্তব্য করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন যশোর জেলা জমঈয়তে আহলে হাদীসের উপদেষ্টা মো. আব্দুল ওয়াদুদ, জেলা সভাপতি অধ্যাপক আদুম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তৌহিদুল ইসলাম, জেলা ক্যাশিয়ার মাস্টার মো. দীন ইসলাম, শুব্বান বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইকবাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল বারী এবং যশোর জেলা জমঈয়তে শুব্বানে আহলে হাদীসের সভাপতি মাওলানা মো. ইনামুল ইসলাম।
বক্তারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা।
মানববন্ধন শেষে সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ এবং হুতি গোষ্ঠীর হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
















