গাজায় আবারও রক্তক্ষয়ী দিন পার হয়েছে। ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় শনিবার একদিনেই অন্তত ৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধুমাত্র গাজা সিটিতেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪৯ জন। এই ভয়াবহ হামলায় জাতিসংঘ পরিচালিত আশ্রয়কেন্দ্র ও অসংখ্য ভবন ধ্বংস হয়ে গেছে, যার ফলে প্রায় ৬ হাজার মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন। নিরাপদ আশ্রয়ের অভাবে গাজার মানুষের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে। খবর আল জাজিরার।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সারাদিন ধরে গাজা সিটিতে তীব্র বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর বোমা হামলার কারণে মানুষ নিরাপদ স্থানে সরে যাওয়ার সুযোগ পাননি। নির্বিচারে বোমা বর্ষণে মাটির সঙ্গে মিশে গেছে বহু আবাসিক ভবন। ধ্বংস করা হয়েছে জাতিসংঘ পরিচালিত স্কুলভিত্তিক আশ্রয়কেন্দ্রগুলোও।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, গাজা সিটির বাসিন্দারা এখন অবরোধ এবং লাগাতার হামলার মধ্যে অমানবিক পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। সংস্থাটির তথ্য অনুযায়ী, শুধু গাজা সিটিতেই নতুন করে প্রায় ৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, বর্তমানে গাজার পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি বাস্তুচ্যুত মানুষ জড়ো হয়েছেন। তবে অনেকে দক্ষিণের শরণার্থী শিবিরগুলোতে গিয়েও ফিরে আসছেন। কারণ, আল-মাওয়াসি ক্যাম্প ও দেইর আল-বালাহ এলাকা ইতোমধ্যেই অতিরিক্ত ভিড়ে নাজুক অবস্থায় রয়েছে এবং বারবার ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।
আল-শিফা হাসপাতালের প্রধান ডা. মুহাম্মদ আবু সালমিয়া বলেন, ‘মানুষ পূর্ব দিক থেকে পশ্চিমে সরে আসছে, কিন্তু খুব কম সংখ্যকই দক্ষিণে পৌঁছাতে পারছে। দক্ষিণেও জায়গা নেই, তাই অনেকে আবার গাজা সিটিতেই ফিরে আসছে।’ তার ধারণা অনুযায়ী, এখনও প্রায় ৯ লাখ মানুষ গাজা সিটিতে অবস্থান করছেন।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেছে যে, গাজা সিটি থেকে ইতোমধ্যে আড়াই লাখের বেশি মানুষ পালিয়েছে।
জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, গাজা উপত্যকায় চলমান সংঘাতের কারণে লক্ষাধিক মানুষ ইতোমধ্যেই গৃহহীন। আশ্রয়কেন্দ্র, হাসপাতাল, স্কুল—কোনোটিই আর নিরাপদ নয়। পর্যাপ্ত খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, দ্রুত যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা দেওয়া না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
০৩:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম:
গাজায় ইসরায়েলের তীব্র হামলা: একদিনে ৬২ ফিলিস্তিনির মৃত্যু
গাজায় ইসরায়েলের তীব্র হামলা: একদিনে ৬২ ফিলিস্তিনির মৃত্যু
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:০৯:২১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫৭৪
সর্বাধিক পঠিত



























