নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এক তরুণীর মরদেহের প্রতি ন্যক্কারজনক ও অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে সাগর শেখ নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে লোহাগড়া ইউনিয়নের ছাগলছেঁড়া গ্রাম থেকে সাদিয়া আক্তার লামিয়া (১৭) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মরদেহটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। তবে রাত হয়ে যাওয়ায় মরদেহটি তৎক্ষণাৎ দাফন বা অন্য কোনো ব্যবস্থা না করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অ্যাম্বুলেন্সেই রাখা হয়েছিল।
অভিযোগে প্রকাশ, গভীর রাতে অ্যাম্বুলেন্সের চালক সাগর শেখ জানালার কাচ গামছা দিয়ে ঢেকে ভেতরে থাকা মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা চালান। এ সময় নিহতের মা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে চালককে হাতেনাতে ধরে ফেলেন এবং চিৎকার শুরু করেন। পরে রোববার সন্ধ্যায় স্থানীয় জনতা একত্রিত হয়ে অভিযুক্ত সাগর শেখকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত চালককে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।




















