যশোর প্রতিনিধি:
যশোরে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি সোহাগের সর্বোচ্চ শাস্তি এবং ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে যশোর জেলা ও দায়রা জজ আদালতের সামনে রায়মানিক সরদারপাড়া এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী শিশুর পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর আসামি সোহাগ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, আসামি কারাগারে থাকলেও তার পরিবারের সদস্যরা মামলা তুলে নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করছেন। একই সঙ্গে তাদের হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধন থেকে বক্তারা মামলাটির সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করে আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানান। পাশাপাশি ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
বক্তারা বলেন, একটি শিশুর সঙ্গে এমন গুরুতর অপরাধের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে ভুক্তভোগী পরিবার যাতে কোনো ধরনের ভয়ভীতি বা চাপের মুখে না পড়ে, সে বিষয়েও প্রশাসনের নজরদারি বাড়াতে হবে।




















