কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন—মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) ও তার ভাগ্নে, মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। সারফান সর্দার ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত বাইজিদ সর্দারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
নিহতের মেয়ে মিম খাতুন অভিযোগ করে বলেন, রাতে বাবাকে ডেকে নিয়ে পাশের বাগানে পা ও গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনায় ন্যায়বিচার দাবি করেন।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যার প্রকৃত কারণ ও অন্যদের নাম জানা যাবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় আধিপত্য ও সম্পত্তি বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়ের দখল ও নিয়ন্ত্রণের সংঘাতের ধারাবাহিকতাতেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।



























