বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-কে ৪৫ দিনের মধ্যে প্রয়োজনীয় জমি বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
সোমবার (১১ মে) হাওড়া-য় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক শেষে এ ঘোষণা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বৈঠক শেষে শুভেন্দু অধিকারী জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দ্রুত বিএসএফের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে মুখ্যসচিব ও ভূমি-রাজস্ব সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, “৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।”
বাংলাদেশ-ভারত সীমান্তের বেশ কিছু অংশে এখনো কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পূর্ণ হয়নি। বিষয়টি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলোচিত ও বিতর্কিত ছিল।
সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সীমান্ত নিরাপত্তা ও বেড়া নির্মাণের বিষয়টি গুরুত্ব দিয়ে প্রচার চালায়।
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বাধীন সরকার এই ইস্যুতে বিভিন্ন সময় আপত্তি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়েছিল বলে অভিযোগ ছিল বিজেপির।
চলতি বছরের জানুয়ারিতে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে সীমান্তবর্তী নয়টি জেলায় কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের নির্দেশ দেন। আদালত এ জন্য ৩১ মার্চ পর্যন্ত সময়সীমাও নির্ধারণ করে দিয়েছিলেন।
নতুন সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই সেই নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হলো।
বিশ্লেষকদের মতে, সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্তের মাধ্যমে নতুন বিজেপি সরকার সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ ঠেকানোর বিষয়ে কঠোর অবস্থানের বার্তা দিতে চাচ্ছে।
এদিকে সিদ্ধান্তটি বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যেও নতুন আলোচনা তৈরি করেছে।




















