যশোর শহরের বকচর এলাকায় সোমবার সকালে মিজানুর রহমান নামে একজন ব্যবসায়ীকে আটকে রেখে বিরোধপূর্ণ জমির ১০টি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। পরে ৯৯৯ নম্বর ফোন দেওয়ায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। এ ঘটনায় ব্যবসায়ী মিজানুর রহমান ৭ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
আসামিরা হলেন, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার পাভেল শহীদ সরোয়ার, বকচর এলাকার রেজাউল, সাগর, নাহিদ, রেজা, আবুল ও শামীম।
লিখিত অভিযোগে মিজানুর রহমান উল্লেখ করেছেন, যশোর-খুলনা মহাসড়ক সংলগ্ন বকচর মাদ্রাসার পাশে তার ৬১ শতক জমি রয়েছে। সেখানে তিনি দোকানঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন।
এই জমি নিয়ে আসামি পাভেল সহিদ সরোয়ারের সাথে তার বিরোধ চলছে। এ সংক্রান্ত একটি আদালতে মামলা বিচারাধীন রয়েছে। এরই মধ্যে সোমবার সকাল ১০টার দিকে তাকে বকচর এলাকায় পেয়ে পাভেল সহিদ সরোয়ার ২০/২৫ জন সন্ত্রাসী নিয়ে অপহরণ এবং তারই একটি দোকানে আটকে রাখেন।
এরপর তারা ১০টি দোকান ভাঙচুর ও লুট করেন। এতে তার ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরই এক পর্যায়ে আটকে থাকা অবস্থায় তিনি কৌশলে ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে।
কোতয়ালি থানায় ওসি মো. আবুল হাসনাত খান এ বিষয়ে বলেন, তিনি মিজানুর রহমানের অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে।



























