যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া বাজারের ‘বাঁকড়া মেডিকেল সার্ভিসেস’ নামক একটি বেসরকারি ক্লিনিকে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এই অভিযানে অপারেশন থিয়েটারে (ওটি) মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারসহ নানা গুরুতর অনিয়ম ধরা পড়ে। অনিয়মের কারণে ক্লিনিকটির সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ (সিলগালা) রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত সূত্রে জানা গেছে, ওই ক্লিনিকের লাইসেন্স ও দাপ্তরিক কাগজপত্রে ব্যাপক অসংগতি ছিল। এছাড়া অপারেশন থিয়েটারে নোংরা পরিবেশ এবং রোগীদের জন্য সংরক্ষিত ওষুধের মধ্যে মেয়াদোত্তীর্ণ ওষুধের উপস্থিতি পাওয়া যায়।
অভিযান চলাকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রশিদ সাংবাদিকদের জানান, “পরিদর্শনকালে ওটির ভেতরে জনস্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। এছাড়া যথাযথ সংরক্ষণবিধিও মানা হয়নি সেখানে। রোগীদের জীবন রক্ষায় এ ধরনের তদারকি নিয়মিত অব্যাহত থাকবে।”
বিধি বহির্ভূত ব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটিকে নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ক্লিনিক কর্তৃপক্ষকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে। একইসাথে প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ ও পরিবেশ উন্নত না করা পর্যন্ত ক্লিনিকের সকল কার্যক্রম বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়।
ম্যাজিস্ট্রেট দেবাংশু বিশ্বাস কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “স্বাস্থ্যসেবা একটি স্পর্শকাতর খাত। এখানে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনোভাবেই বরদাশত করা হবে না। অনিয়ম পেলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানকালে বাঁকড়া পুলিশ তদন্ত ক্যাম্পের সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।




















