আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন জোহরান মামদানি। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) তিনি প্রথম মুসলিম এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআন শরিফ ব্যবহারের মাধ্যমে তিনি অন্তর্ভুক্তিমূলক এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
শপথ অনুষ্ঠানে জোহরান মামদানি দুটি বিশেষ কোরআন ব্যবহার করেন। একটি তার নিজের দাদার সংরক্ষিত পারিবারিক কোরআন এবং অন্যটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি (NYPL) থেকে ধার নেওয়া প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কোরআন।
টাইম স্কয়ারের নিচে পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে আয়োজিত ব্যক্তিগত শপথ অনুষ্ঠানে এই ধর্মগ্রন্থ দুটি ব্যবহৃত হয়। শুক্রবার সিটি হলে আয়োজিত আনুষ্ঠানিক মূল অনুষ্ঠানে তিনি তার দাদা-দাদির সংরক্ষিত দুটি কোরআন ব্যবহার করার পরিকল্পনা করেছেন।
লাইব্রেরি থেকে ধার নেওয়া ঐতিহাসিক কোরআনটি একসময় বিখ্যাত আফ্রিকান-আমেরিকান ইতিহাসবিদ ও সংগ্রাহক আরতুরো শমবার্গের মালিকানাধীন ছিল। ১৯২৬ সালে তার ব্যক্তিগত সংগ্রহের সঙ্গে এই কোরআনটি নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি লাভ করে, যা বর্তমানে ‘শমবার্গ সেন্টার ফর রিসার্চ ইন ব্ল্যাক কালচার’-এর অংশ।
গবেষকদের ধারণা, ১৯শ শতকে উসমানি সিরিয়া অঞ্চলে মুদ্রিত এই কোরআনটি ছোট আকার ও সাধারণ নকশার কারণে দৈনন্দিন ব্যবহারের জন্য অত্যন্ত জনপ্রিয় ছিল।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির প্রেসিডেন্ট অ্যান্থনি ডব্লিউ মার্ক্স বলেন, “মামদানির এই সিদ্ধান্ত মূলত অন্তর্ভুক্তি, প্রতিনিধিত্ব ও নাগরিক মূল্যবোধের প্রতীক।” লাইব্রেরির কিউরেটর হিবা আবিদ জানান, এই কোরআনটি সাধারণ মানুষের খুব কাছের একটি বস্তু এবং দেশের অন্যতম বৃহত্তম পাবলিক লাইব্রেরি ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ।
কয়েকজন রাজনীতিক কোরআন হাতে শপথ নিয়েছেন। নিউইয়র্কে মেয়রদের জন্য ধর্মগ্রন্থ ব্যবহার বাধ্যতামূলক না হলেও এর আগে সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, বিল ডি ব্লাসিও এবং এরিক অ্যাডামস তাদের পারিবারিক বা ঐতিহাসিক বাইবেল ব্যবহার করে শপথ নিয়েছিলেন। জোহরান মামদানি সেই প্রথায় নিজের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় যুক্ত করে শহরটির ইতিহাসে নিজের নাম খোদাই করলেন।
১২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
নিউইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি: কোরআন হাতে শপথ নিয়ে ইতিহাস
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:০৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- ৬৭৬
সর্বাধিক পঠিত





















