যশোরে সৌদি রিয়াল দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারকচক্রের এক সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত বিপুল পেয়াদা (৩৭) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আইকদিয়া গ্রামের ইউনুস পেয়াদার ছেলে।
এই ঘটনায় ভুক্তভোগী স্কুলশিক্ষক বাদী হয়ে যশোর কোতোয়ালি থানায় বিপুল পেয়াদাসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার অন্য দুই আসামি হলেন—একই গ্রামের ওবায়দুল ফকির এবং জুয়েল মিয়া ওরফে সুমন।
মামলার এজাহার ও ভুক্তভোগী শিক্ষক জাকারিয়া হোসেন জানান, চলতি বছরের ১০ মে তিন ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। তারা নিজেদের কাছে প্রচুর সৌদি রিয়াল আছে জানিয়ে কম মূল্যে তা বিক্রির প্রস্তাব দেয়। ১২০০ সৌদি রিয়ালের বিপরীতে তারা ৫ লাখ টাকা দাবি করলে লাভের আশায় জাকারিয়া তাতে রাজি হন।
গত ১২ মে প্রতারকচক্রটি তাঁকে মোবাইল ফোনে কল করে যশোর শহরের খালদার রোডে ডাকে। সেখানে আসামিরা তাঁকে রিয়াল দেখায় এবং ৫ লাখ টাকার বিনিময়ে ১০ হাজার রিয়াল দেওয়ার প্রতিশ্রুতি দেয়। জাকারিয়া হোসেন সরল বিশ্বাসে তাদের হাতে ৫ লাখ টাকা তুলে দিলে তারা দ্রুত একটি ব্যাগ তাঁর হাতে ধরিয়ে দিয়ে সটকে পড়ে। পরে ব্যাগ খুলে তিনি দেখেন, ভেতরে রিয়ালের পরিবর্তে শুধু কাগজের বান্ডিল রাখা।
প্রতারিত হওয়ার পর থেকেই জাকারিয়া হোসেন ওই চক্রটিকে হন্যে হয়ে খুঁজছিলেন। গত ৩০ ডিসেম্বর যশোর শহরের আখপট্টি রোডে বিপুল পেয়াদাকে দেখতে পেয়ে তিনি চিনে ফেলেন। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতাকে সাথে নিয়ে তাঁকে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিপুলকে হেফাজতে নেয়।
ডিবি পুলিশের এসআই আবু হাসান জানান, এই ঘটনায় প্রতারণা মামলা রুজু করা হয়েছে। আটক বিপুল পেয়াদাকে আজ ৩১ ডিসেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের বাকি সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে
০৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যশোরে সৌদি রিয়াল দেওয়ার নামে প্রতারণা: শিক্ষককে ঠকিয়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৩৫:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
- ৬৬২
সর্বাধিক পঠিত





















