বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক শোকবার্তায় তিনি এই সমবেদনা জানান।
মমতা ব্যানার্জি তার বার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের একজন অন্যতম প্রভাবশালী জননেত্রী হিসেবে অভিহিত করেন। তিনি লেখেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”
বেগম জিয়ার মৃত্যুতে মমতা ব্যানার্জি ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা শোক প্রকাশ করেছে। প্রতিবেশী দেশের একজন প্রভাবশালী নেত্রী হিসেবে বেগম জিয়ার রাজনৈতিক জীবন ও অবদানের কথা মমতা ব্যানার্জির এই বার্তায় বিশেষভাবে ফুটে উঠেছে।
উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।





















