নাশকতার পরিকল্পনাকারীদের ছাড় নয়, অপরাধীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি ওসি তিতুমীরের
বেনাপোল (যশোর) প্রতিনিধি:
যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে পুরাতন মামলার দুই আসামি এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজনকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
বুধবার (৪ নভেম্বর) বেনাপোল পোর্ট থানার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাদীপুর গ্রামের সুলতান আহমদ বাবু মেম্বারের ছেলে মোঃ সাকিব আহম্মেদ (৩০)। তিনি বেনাপোল পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক নেতা হিসেবে পরিচিত। অপরজন দক্ষিণ বারপোতা গ্রামের মোঃ জাহিদুল ইসলাম ডালিম (৪৭)।
এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন ভবেরবেড় গ্রামের মোঃ রেহান (২৮), সাদীপুর গ্রামের মোঃ জুলমিরাজ হোসেন ওরফে জুলমিরাদ রহমান (২৯) এবং বড় আঁচড়া গ্রামের কুদ্দুস (২৪)।
পুলিশ জানায়, যশোরের পুলিশ সুপারের নির্দেশনা এবং বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানা পুলিশের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারকৃতদের বুধবার (৪ নভেম্বর) পুলিশি পাহারায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, “বেনাপোলে কোনো নাশকতার পরিকল্পনাকারীর ঠাঁই হবে না। অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।”
তিনি আরও বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।




















