যশোর প্রতিনিধি:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় যশোর জিলা স্কুলসংলগ্ন বটতলা মোড়ে নগরীর ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, মনিরুজ্জামান মাসুম, আনসারুল হক রানা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, নগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আবুল কাশেম কালু, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদল নেতা ইয়াসিন আরাফাত, নগর স্বেচ্ছাসেবক দল নেতা জাহাঙ্গীর আলম ও নগর ছাত্রদল নেতা রাব্বি হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাসুদ রানা, রামচন্দ্র দে, রুবেল হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক শেখ নোমান, যুগ্ম সম্পাদক নাঈম হোসেন, সাংগঠনিক সম্পাদক শিমুল এবং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহাম্মদ সাদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা প্রয়াত তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।




















