: ময়মনসিংহের ভালুকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের তিন সদস্য। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে উপজেলার রাজৈ ইউনিয়নের সজনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই রাহিদুল ইসলাম, বাকিরুল ইসলাম ও পুলিশের আরও এক সদস্য। তাঁরা ভালুকা মডেল থানায় কর্মরত। আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত কুদ্দুস নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য মঙ্গলবার রাতে সজনগাঁও গ্রামে অভিযান চালায় ভালুকা মডেল থানার পুলিশের একটি দল। এ সময় পুলিশের সদস্যরা হামলার শিকার হন।
পরে খবর পেয়ে থানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত তিনজনকে উদ্ধার করেন। এরপর তাঁদের চিকিৎসার জন্য ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।




















