যশোর প্রতিনিধি: যশোর শহরের মালোপাড়া এলাকায় চুরির অপবাদে মারধরের শিকার হয়ে স্বাধীন (যুবক) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের পরিবারের সদস্যরা।
নিহত স্বাধীন যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার টিপু হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, বিদেশে গিয়ে কর্মজীবন শুরু করার স্বপ্ন দেখছিলেন স্বাধীন। তবে সেই স্বপ্ন পূরণের আগেই সহিংসতার শিকার হয়ে প্রাণ হারাতে হলো তাঁকে।
পরিবারের অভিযোগ, গত শনিবার রাতে যশোর শহরের মালোপাড়া মন্দিরে পূজা দেখতে যান স্বাধীন। সেখানে চুরির অপবাদ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মাথায় ২৬টি সেলাই দিতে হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তাঁর মৃত্যু হয়।
নিহতের দাদি সেলিনা বেগমের দাবি, মালোপাড়ার ওলি নামে এক নারী প্রথমে স্বাধীনকে আঘাত করেন। পরে সেখানে লোকজন জড়ো হয়ে সংঘবদ্ধভাবে তাঁকে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।
স্বাধীনের বাবা টিপু হোসেন অভিযোগ করেন, ছোট কসাই, শহিদুল ও উজ্জ্বলসহ কয়েকজন পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে মারধর করে হত্যা করেছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মঙ্গলবার রাতে স্বাধীনের মরদেহ যশোর শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার বাড়িতে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয়জনকে হারিয়ে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, স্বাধীনের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের বক্তব্য বা মামলার অগ্রগতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।




















