যশোরে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর উপশহরের বাসার সামনে থেকে বিদ্যুতের তার চুরির ঘটনায় সজীব নামে এক যুবকসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাইকোর্ট মোড় এলাকার একটি ভাঙারি দোকানের মালিক তুহিনকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল সজীবসহ দুজনকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ৪টা ২০ মিনিটের দিকে উপশহর এলাকায় সাবেরুল হক সাবুর বাসার সামনে থেকে বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে তার চুরির অভিযোগ তদন্ত করতে গিয়ে সজীবকে আটক করে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সজীব বিদ্যুতের তার চুরি এবং চুরি করা মালামাল বিক্রির বিষয়ে তথ্য দেয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হাইকোর্ট মোড় এলাকার সেতু ট্রেডার্স নামের ভাঙারি দোকানের মালিক তুহিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
শনিবার সকালে সজীব ও তুহিনকে সঙ্গে নিয়ে ওই ভাঙারি দোকানে যায় পুলিশ। পরে তুহিন দোকানটি খুলে দেন। সেখানে থাকা মালামালের মধ্যে চুরি করা বিদ্যুতের তার থেকে বের করা বিপুল পরিমাণ তামা এবং কিছু রড পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানায়, চক্রটি চুরি করা বিদ্যুতের তার সরাসরি ভাঙারি দোকানে বিক্রি না করে তারের ভেতর থেকে তামা আলাদা করে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় চুরি ও উদ্ধার হওয়া মালামালের বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।



















