রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি ইউরেনিয়াম রাশিয়া থেকে বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী কার্গো বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটমের বাংলাদেশে জনসংযোগ প্রতিষ্ঠান ট্রাইউইন গ্রুপের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান থেকে ইউরেনিয়াম গাড়িতে স্থানান্তর করতে প্রায় চার ঘণ্টা সময় লাগবে।
পরিকল্পনা অনুযায়ী, শনিবার ভোরের দিকে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী গাড়ি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হবে।
এর আগে শুক্রবার বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানিবাহী বিমানটি রাশিয়া থেকে যাত্রা করে ভারতের একটি বিমানবন্দরে বিরতি দিয়ে ঢাকায় পৌঁছাবে। পরে সেনাবাহিনীর নিরাপত্তায় ইউরেনিয়ামের চালানটি রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি হিসেবে এই ইউরেনিয়াম ব্যবহৃত হবে।



















