রাজধানীর মগবাজার এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
শনিবার রাত আনুমানিক ৯টার দিকে হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।
পুলিশ জানায়, রাতে স্থানীয় জনতা সোহরাব হোসেনকে আটক করে। পরে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন এবং থানায় নিয়ে আসেন।
হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় জনতা সোহরাব হোসেনকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোহরাব হোসেনকে কী অভিযোগ বা মামলার প্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।




















