কক্সবাজারের পর্যটন এলাকায় পুলিশ বক্স নির্মাণের কথা বলে বিভিন্ন অভিজাত হোটেল ও রিসোর্ট থেকে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানা-পুলিশ পৌরসভার সৈকতপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিয়াবুল হক (৩২) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
গ্রেপ্তার জিয়াবুল হক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেলিয়াপাড়া এলাকার আকতার কামালের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সৈকতপাড়া এলাকায় বসবাস করছিলেন। সেখানে ‘আবরার এন্টারপ্রাইজ’ নামে একটি মোবাইল ব্যাংকিং ও মোবাইল এক্সেসরিজের দোকান পরিচালনা করতেন।
পুলিশ জানায়, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে একটি প্রতারক চক্র কক্সবাজার শহরের সীগাল হোটেল, হোটেল সাম্পান, হোটেল কক্স টুডেসহ বিভিন্ন তারকামানের হোটেল ও রিসোর্টে যায়। এ সময় তারা নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেয়।
চক্রটি হোটেল কর্তৃপক্ষকে জানায়, সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী পুলিশ বক্স নির্মাণ করা হবে। এ জন্য বিভিন্ন হোটেল ও রিসোর্টের কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করে তারা। পুলিশের পরিচয় ও পুলিশ বক্স নির্মাণের বিষয়টি বিশ্বাস করে কয়েকটি প্রতিষ্ঠান তাদের অর্থ দেয় বলে অভিযোগ রয়েছে। পরে ওই অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ৫ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। মামলার নম্বর-১২। মামলাটির তদন্তের অংশ হিসেবে পুলিশ অভিযান চালিয়ে জিয়াবুল হককে গ্রেপ্তার করে।
পুলিশের অভিযানে জিয়াবুলের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি পৃথক অ্যাকাউন্টের চেক বই এবং ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদসহ মামলার তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




















